ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন।

বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এবং নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনারা দেখছেন আজ (বৃহস্পতিবার) সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে সকাল বেলায় হয়তো ভোটার কম দেখেছেন আপনারা। এখন পর্যায়ক্রমে যখন আবহাওয়া ভালো হয়ে যাবে, তখনই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকবে'।

'এখনই দেখুন লম্বা লাইন, এটাই স্বাভাবিক। ভোটাররা আসবেন। তারা ভোট দেবেন। আমি তো দেখলাম। আমারও ভোট দিতে দু-এক মিনিট সময় লাগল। কারণ যথেষ্ট লম্বা লাইন রয়েছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। তারা জাতীয় নির্বাচনকে সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। আমি আশা করি আমাদের এই ঢাকা উত্তরের নির্বাচন, সামনে উপজেলা নির্বাচন আসছে, সবগুলো নির্বাচনই সুন্দরভাবে তারা উঠিয়ে দেবে ও মোকাবিলা করবে।'

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, 'নির্বাচনের পরিবেশ তো সুন্দর ও সুষ্ঠু আছে। আপনারা তাকিয়ে দেখুন, কত ভোটার ভোট দিচ্ছে। আমি যতটুকু দেখেছি সবগুলোই সুন্দর ও শান্তিপূর্ণভাবে হচ্ছে।'