আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার দায়ে অভিযুক্ত রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, ‘উপজেলা নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ওঠে ওসি রেজাউল ইসলামের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে তাকে তানোর থানা থেকে অন্য যেকোনো স্থানে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে রেজাউল ইসলামকে তানোর প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে’।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারই তাকে তানোর থেকে প্রত্যাহার করা হয়েছে। আপাতত তাকে জেলা পুলিশে সংযুক্ত করা হচ্ছে।
১০ মার্চ অনুষ্ঠিতব্য তানোর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম।
তানোরের সাবেক যুবলীগ ও কৃষকলীগ নেতা শরিফুল ইসলাম আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে ওয়ার্কার্স পার্টির প্রার্থিতা নেন। তার ভাই মুন্ডুমালা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী নির্বাচন কমিশনে ওসির বিরুদ্ধে অভিযোগ করেন।
তার অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী একজন প্রার্থীর পক্ষে তানোরের ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন। এ ছাড়া এমপির কথা মতো তানোরের ওসি একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন।