ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রাপ্ত ফলাফলে ১৬২ কেন্দ্রের মধ্যে ৯৯ হাজার ২০৫ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ৩ হাজার ৯৩২ ভোট।
এসব কেন্দ্রে প্রায় ২৯ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ১৬২ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
তিনি জানান, নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২৮ দশমিক ৭৯ শতাংশ ভোট পড়েছে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে আনিসুর রহমান দেওয়ান৭৪২, শাহিন খান ৭৬২ ও আব্দুর রহিম ৭২১ ভোট পেয়েছেন।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ১২টি নারী কাউন্সিলর পদে নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।