বৈরী আবহাওয়া ও সকালে গুড়িগুড়ি বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ ভোট কেন্দ্র ছিলো ফাঁকা। আর দশটা ভোট কেন্দ্রের মতো রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রেও ছিল ফাঁকা।
ভোটার না থাকলেও টেলিভিশনে দেখাতে বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে ডেকে এনে দাঁড় করা হয় দীর্ঘ লাইনে।উপস্থিত অন্যান্য সাংবাদিকদের সামনেই চলতে থাকে সাজানো লাইনের নকল ভোটারদের সম্প্রচার।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি মেয়র নির্বাচন শুরুর পর বেলা সাড়ে ১০টার কিছু পরে হঠাৎই এ দৃশ্য দেখা যায়।
ঘটনাস্থলে ছিলেন ফটোসাংবাদিক জীবন আহমেদ। তিনি বলেন, ‘ভোটকেন্দ্র সকাল থেকেই ফাঁকা। হঠাৎ জনাপঞ্চাশেক মানুষ একসঙ্গে কেন্দ্রে প্রবেশ করে। প্রথমে আমরা মনে করেছি কোনো প্রার্থী কেন্দ্রে আসছেন। এরপরই দেখি তারা একটি লাইনে দাঁড়ালো। এক টেলিভিশন সাংবাদিক তাদের সামনে দাঁড়িয়ে লাইভ দিতে থাকেন, এটি ভোটারদের লাইন- এই বলে।’
এই ফটোসাংবাদিক আরও বলেন, ‘'সে সময় আমি পাশে থেকে শুনেছি রিপোর্টার বলছে, 'এখানে সবাই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য'। এ সময় সাজানো ভোটারদের অনুভূতিও রেকর্ড করা হয়। লাইভ শেষ হলে সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো লোকজন এবং সাংবাদিক সেখান থেকে সরে যান। কেন এমন করলেন জানতে চাইলে সেই টেলিভিশন রিপোর্টার বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি।’''
নাম না প্রকাশ করার শর্তে সরেজমিনে থাকা আর একজন সাংবাদিক বলেন, তাদের অনেকে এখানকার ভোটার নয়। তারা এসেছে এখানে লাইন করতে। তিনি আরও বলেন, এদের অনেকে ভোটকেন্দ্রের গোপন কক্ষেও যায়নি।