আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন হয়েছে, মেয়র পদের মেয়াদ এক বছরের কম- এসব কারণে ভোটার উপস্থিতি কম ছিল।
তিনি বলেন, যেখানে সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর নির্বাচন হয়েছে, সেখানে ভোটার উপস্থিতি বেশি ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন বিষয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব বলেন দীপু মনি।
আতিকুল ইসলামের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, আশা করছি আতিকুল ইসলাম জয়ী হবেন। ঢাকাসহ সারা দেশে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখার জন্য জনগণ ভোট প্রয়োগ করেছে।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনভিপ্রেত ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের খবর অনুযায়ী নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সংসদে বিরোধী দল আছে। বিরোধী দল উপনির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে দেশের অগ্রগতিকে বাধা সৃষ্টি করতে একের পর এক চেষ্টা করছে দলটি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক, এ বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।