দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় তিন জেলার চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চার নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাগুরা জেলা বিএনপি’র সদস্য ও মোহাম্মদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম খান বাচ্চু, সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলা বিএনপি’র সদস্য মাহফুজা খাতুন এবং দলের প্রাথমিক সদস্য মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, এসব নেতাকে দল থেকে বহিষ্কারের চিঠি কুরিয়ার সার্ভিস যোগে পাঠানো হয়েছে। এর আগে চার জেলার নয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।