রাজধানীর ফার্মগেট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র নারী শাখার প্রশিক্ষককে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাব। তার নাম বাপ্পী সরকার (২৪)।
বৃহস্পতিবার তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নিয়েছেন তদন্ত কর্মকর্তা।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দীন ফারুকী দেশ রূপান্তরকে বলেন, গত জুলাই মাসে র্যাবের হাতে জেএমবি’র কয়েক জন শীর্ষ জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বাপ্পী সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে র্যাব-১০ এর কাছে হস্তান্তরের পর আদালতে হাজির করে দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা।
তিনি আরও বলেন, বাপ্পী সরকারের কাছ থেকে বিভিন্ন শিরোনামের ১৭টি ধর্মীয় উগ্রবাদী বই, ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী সরকার জানায়, ধর্মভীরু, সহজ-সরল ব্যক্তিদের জিহাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করে আসছিল সে। জেএমবি’র শীর্ষ স্থানীয় সদস্য এবং দীর্ঘদিন ধরে জেএমবি’র সদস্য হয়ে ধর্মীয় উগ্রবাদী বই ও প্রচারপত্র বিলি এবং সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছিল সে।
বাপ্পী সরকারের বাড়ি নাটোর জেলার লালপুর থানার কামারআটি গ্রামে। এখান থেকেই এইচএসসি পাস করেছে।