হলিউড অভিনেত্রীর মরদেহ উদ্ধার

মারা গেছেন হলিউডের খ্যাতনামা অভিনেত্রী লিজা সেরিডান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

নিউ অরলিন্সে নিজের ফ্ল্যাটে ২৫ ফেব্রুয়ারি লিজার মৃত্যু হয়। তখন তিনি একাই ছিলেন। কিন্তু  কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে এখনো কোনো তথ্য মেলেনি। এই নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।

লিজার ব্যবস্থাপক জানান, নিজের ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী। সর্বশেষ যখন দেখা হয় তিনি সুস্থই ছিলেন। এরপরই হঠাৎই রবিবার তার মৃতদেহ উদ্ধার হয় ফ্ল্যাট থেকে। 

মৃত্যুর খবর পেয়েই হাজির হন লিজার পরিবারের অন্য সদস্যরা। তারা সংবাদমাধ্যমকে জানান, ইদানীং ক্যারিয়ার নিয়ে খুবই মানসিক চাপে ভুগছিলেন তিনি।

অভিনেত্রীর অকালপ্রয়াণে সহ-অভিনেত্রী ও বন্ধু ডোনা বলেন, “একটা ভালো মানুষকে হারালাম। জীবন অনেকটাই শূন্য হয়ে গেল!” 

লিজাকে খুব কম সিনেমায় দেখা গেলেও বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ইনভেশন, ফ্রিকিলিংকস, লেগাসি ও জার্নিম্যান।