রাজনীতি করতে দুই বন্ধু খুব প্রয়োজন- সাংবাদিক ও পুলিশ: উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, রাজনীতি, সামাজিকসহ সকল কাজে সাংবাদিক ও পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর রাজনীতি করতে হলে দুই বন্ধু খুব প্রয়োজন, তারা হলো- সাংবাদিক ও পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। বাহিনী অনেক আছে। কিন্তু তাদের মধ্যে পুলিশ বাহিনী সাধারণ মানুষের পাশে বেশি থাকে।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য ব্যাপক কাজ করেছেন। পুলিশের বেতন বৃদ্ধি করেছেন ও প্রমোশন বাড়িয়ে দিয়েছেন।”

এনামুল হক শামীম বলেন, “প্রধানমন্ত্রী নারীবান্ধব। নারীরা অনেকে পুরুষের চেয়ে ভালো কিছু করছেন। দেখেন নারীরা স্পিকার, ডিসি, মন্ত্রী, এমপি, পুলিশের বড় বড় কর্মকর্তা হয়েছেন।”

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং নিহত পুলিশ সদস্যর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শরীয়তপুরে কর্মরত অবস্থায় সাত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাঁজজন মৃত্যুবরণ করেন। ওই ১২ জনের পরিবারকে উপমন্ত্রী এনামুল হক শামীম ও সংসদ সদস্য ইকবাল হোসেন অপু আর্থিক সহযোগিতা করেন। এছাড়া শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সহায়তা দেওয়া হয়।