ভোটার দিবস ভোটাধিকার প্রয়োগে সচেতনতা বৃদ্ধি করবে: রাষ্ট্রপতি

প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ভোটার দিবস ভোটাধিকার প্রয়োগে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একজন যোগ্য নাগরিকও যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ না পড়েন, সে আহ্বান জানান রাষ্ট্রপতি।

শুক্রবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বাণীতে এসব বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। “ভোটার হব ভোট দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন।

কমিশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আব্দুল হামিদ বাণীতে বলেন, স্লোগানের মধ্যেই আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি এবং রাষ্ট্রের মৌলিক ভিত্তি জড়িয়ে আছে। আমি আশা করি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও ভোটাধিকার প্রয়োগে এ আয়োজন জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আঠারো বছরের ঊর্ধ্বের সকল নাগরিকের ছবি ও আঙুলের ছাপের বায়োমেট্রিক তথ্যসহ কম্পিউটার ভিত্তিক ডেটাবেইস প্রস্তুত করছে। আমি নির্বাচন কমিশনের এই বিশাল কর্মযজ্ঞকে সাধুবাদ জানাই। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ব্যক্তির সঠিক পরিচয় যাচাই করে সরকারি চাকরিজীবীর বেতন, পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাসহ সকল ভাতাভোগীকে রাষ্ট্রীয় সেবা প্রদান সম্ভব হচ্ছে’।