অভিনন্দন দেশে ফেরায় সন্তোষ প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, তারা সাম্প্রতিক উত্তেজনা কমিয়ে শান্তি চায়।
শুক্রবার রাত ৯টার পর পাঞ্জাবের আত্তারি-ওয়াগাহ সীমান্তে অভিনন্দনকে দিয়ে যান পাকিস্তানি সেনারা। ছাড়ার আগে দুইবার সময় পরিবর্তন করেন তারা।
প্রথমে বলা হয় রাত ৮টার দিকে ছাড়া হবে। পরে জানানো হয় আনুষ্ঠানিকতা সারতে ৯টা বেজে যাবে। এরপর ভারতীয় সময় ৯টা ১৫ মিনিটের দিকে তাকে বাটাপুর সেনাক্যাম্প থেকে বেরিয়ে আসতে দেখা যায়। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, এ সময় তাকে হাসতে দেখা যায়।
ছাড়ার পরপরই পাকিস্তান বিবৃতিতে বলে, ‘আটক অবস্থায় আন্তর্জাতিক আইন মেনে তাকে সম্মানের সঙ্গে রাখা হয়। শান্তির বার্তা দিতে প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি উত্তেজনা কমানোর কথা বলেন।’
ভারতের এয়ার ভাইস মার্শালও অভিনন্দনকে বুঝে পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ভারতীয় বিমানবাহিনী খুশি।
বুধবার পাকিস্তানের হাতে আটক হন অভিনন্দন। দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে তারা। এ সময় প্যারাস্যুট দিয়ে আকাশ থেকে নেমে আসেন অভিনন্দন। তারপর পাকিস্তানের স্থানীয় মানুষের হাতে আটক হন। পরে দেশটির সেনাবাহিনী তাকে নিয়ে যায়।
স্থানীয় উত্তেজিত জনতা এবং কয়েক জন সেনা তাৎক্ষণিকভাবে অভিনন্দনকে মারতে আসলেও ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা তাকে ‘রক্ষা’ করেন।
কয়েক ঘণ্টা পর পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় থেকে অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ হয়। সেখানে তাকে কথা বলতে দেখা যায়, ‘আমি এটি রেকর্ড রাখতে চাই। দেশে ফিরে গেলেও আমার মন্তব্য পরিবর্তন করবো না। পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা খুব ভালোভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন।’