সভায় তথ্যমন্ত্রী

সিটি নির্বাচনে অংশ নেওয়ার সাহস পায়নি ঐক্যফ্রন্ট

জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপি জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সাহস পায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিগত সাধারণ নির্বাচনে তাদের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে বলে যোগ করেন মন্ত্রী। গতকাল রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, বিএনপি ও জামায়াত পেট্রল বোমা ছুড়ে মানুষ হত্যা করেছে। জাতি এ সব ভুলে যায়নি। জাতি ব্যালটের মাধ্যমে এর জবাব দিয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন সম্পর্কে তিনি  বলেন, এই নির্বাচনে ৩১ ভাগ ভোটার উপস্থিতি অত্যন্ত ভালো। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দীর্ঘ সরকারি ছুটি থাকায় অনেকে গ্রামের বাড়ি যাওয়া সত্ত্বেও ৩১ ভাগ ভোটারের উপস্থিতি সফল গণতন্ত্রের পরিচয়ই বহন করে। তথ্যমন্ত্রী আরও বলেন, এটি ছিল একটি উপনির্বাচন, ফলে ভোট কিছুটা কম পড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোটে কোনো কারচুপি হয়নি। অথচ ভোট নিয়ে কোনো কোনো মহল বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।