বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার মালয়েশিয়ান এয়ারলাইন্সে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। যথাসময়ে বিমানবন্দরে গেলেও আড়াই ঘণ্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন আফরোজা আব্বাস। তিনি দেশ রূপান্তরকে বলেন, শনিবার ১২টা ৩০ মিনিটে তার ফ্লাইট ছিল কিন্তু ১০টা ৩০ মিনিটে উপস্থিত হলেও তাকে বসে থাকতে বলা হয়। অনেকক্ষণ বসিয়ে রেখেও তাকে যেতে দেওয়া হয়নি। কেন যেতে পারবেন না জানতে চাইলে ইমিগ্রেশন থেকে সুস্পষ্ট কোনো কারণ দেখাতে পারেনি বলে যোগ করেন তিনি।