এমপিওভুক্তির দাবি বেসরকারি কলেজ শিক্ষকদের

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে বেসরকারি কলেজ অনার্সমাস্টার্স শিক্ষক সমিতি। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বক্তারা বলেন, বর্তমানে বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্সের  শিক্ষকরা নামমাত্র পকেট খরচ পান। এরপরও দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০৩টি বেসরকারি কলেজের ৩৫০০ শিক্ষক ২৭ বছর ধরে পাঠদান করছেন। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের এমপিওভুক্ত করা হচ্ছে না। তারা আরও বলেন, এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিও লেটারসহ দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা২০১৮’-এ আমাদের অন্তর্ভুক্ত করা হয়নি। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি নেকবর হোসাইন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সুকোমল সেনসহ অন্য নেতারা।