সিঙ্গাপুরের পথে অসুস্থ ওবায়দুল কাদের

হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ত্যাগ করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে।

এর আগে এক ব্রিফিংয়ে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া ও কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, সকাল থেকে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তবে শঙ্কামুক্ত নয়। তাকে দ্রুততম সময়ে আজকের মধ্যেই সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

এদিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছেন ভারতের নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। দুপুরে তিনি ঢাকায় পৌঁছান।

এই কার্ডিয়াক সার্জনের ১৫ হাজারের বেশি অস্ত্রোপচার করার অভিজ্ঞতা রয়েছে। স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা দেওয়া এই চিকিৎসককে ২০১২ সালে ‘পদ্মভূষণ’ খেতাবে ভূষিত করে দেশটির সরকার।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত ৬৭ বছর বয়সী কাদেরের অবস্থা সংকটাপন্ন।

তারা জানান, চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রীর হার্ট অ্যাটাক হয়। পরে এনজিওগ্রাম করে দেখা যায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক। এর একটি সারানো গেলেও বাকি দুটি বর্তমান অবস্থায় সারানো সম্ভব নয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ওই এয়ার অ্যাম্বুলেন্সে বিশেষজ্ঞ চিকিৎসকরাও আসেন। যে কোনো মুহূর্তে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।