ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমকে আইনশৃঙ্খলাবাহিনী সহযোগিতা করবে বলে তিনি জানান।
কবে নাগাদ এ বাহিনী মোতায়েন হবে তা উল্লেখ করা হয়নি। তবে উপাচার্য জানান, ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকে মোতায়েন হবে এ বাহিনী। তারা নির্বাচনের পরও পরিস্থিতি বুঝে অবস্থান করবে বলে জানান তিনি।
সোমবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
উপাচার্যের নেতৃত্বে সভায় ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান ও রিটার্নিং অফিসার, সব হলের প্রাধ্যক্ষ, সব হলের আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষক, প্রক্টর ও সহকারী প্রক্টর এবং ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তিনি বলেন, সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করছেন। প্রার্থীরা অবাধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।