নারায়ণগঞ্জের ফতুল্লায় পুকুর থেকে পা ও কোমরে শেকল বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা এলাকায় নৌ-বাহিনীর পর্যটন কেন্দ্র মেরী এন্ডারসন এর সামনের একটি পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের উপপরিদর্শক শুভ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের পরনে লাল গেঞ্জি ও কালো শার্ট প্যান্ট ছিল। পুলিশের ধারণা, সে একজন বিকারগ্রস্ত যুবক।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপপরিদর্শক শুভ দেশ রূপান্তরকে জানান, নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ এস এম মঞ্জুর কাদের দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিক সুরতহাল দেখে মনে হচ্ছে ছেলেটা মানসিক বিকারগ্রস্ত এবং তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। হয়তো কোনোভাবে শিকল ছিঁড়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় নদীপথে কোথাও দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে।
তিনি জানান, ওই যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।