শিরোপা জিততে দোলেশ্বরের লক্ষ্য ১৫৮

ইমতিয়াজ হোসেনের ব্যাটে শুরুটা দারুণ হলেও মিডল অর্ডার ছিল ব্যর্থ। প্রাইম দোলেশ্বরের বোলাররা ম্যাচে ফেরে দারুণভাবে। তবে অধিনায়ক নুরুল হাসান হোসান ও লেট অর্ডারে তানবীর হায়দারের ব্যাটে প্রিমিয়ার টি-টোয়েন্টির ফাইনালে লড়াকু পুঁজি পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান করে শেখ জামাল। ফ্লাড লাইটের আলোয় ১৫৮ রানের লক্ষ্য তাড়া সহজ হওয়ার কথা নয়।

দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও ফারদিন হাসান শুরুটা দারুণ করেন। এই দুজনের জুটি থেকে আসে ৬২ রান। ফারদিন ২০ বলে ১৮ কর ফিরলে এই জুটির পতন হয়। ফারদিনকে ফেরান মানিক খান।

এরপর দ্রুত আরো তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে শেখ জামাল। হাসানুজ্জামান ( ৪) ও নাসির হোসেনের (৫) সঙ্গে ফিরে যান ইমতিয়াজও। আরাফাত সানির বলে বোল্ট হওয়ার আগে ৪৪ বলে ২ ছক্কা ও ৪ চারে ৫৬ রান করেন ডানহাতি ব্যাটসম্যান ইমতিয়াজ।

আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে দলকে ফাইনালে নিয়ে যাওয়া জিয়াউর রহমান এদিন করলেন মাত্র ২ রান। ১০৪ রানে পঞ্চম উইকেট হারানো শেখ জামাল এরপর সোহান ও তানবীরের ব্যাটে এগিয়েছে। সোহান ফরহাদ রেজার শিকার হওয়ার আগে ২৭ বলে ৩৩ রান করেন ৩ চারে। ঝড় তুলে তানবীর ১৫ বলে ৩১ রান করে ৪ চার ও ১ ছক্কায়।

দোলেশ্বরের পক্ষে ফরহাদ রেজা সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, মানিক খান ও সৈকত আলি।