বাংলাদেশকে সাহায্য করতে হলে শিক্ষা দিয়ে করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ লেখক কলামিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের শিক্ষাব্যবস্থা কার্যকর হচ্ছে না, আমাদের একমাত্র সমস্যা হচ্ছে পাঠ্যপুস্তকের সমস্যা।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর এডুকেশনাল রিসার্চ কর্তৃক আয়োজিত ‘শিক্ষাক্ষেত্রে তরুণ উদ্যোক্তা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একজন ভালো মানের শিক্ষক দিয়ে বেশি সময় নিয়ে বই লেখানো হলে ভালো বই লেখানো সম্ভব। আমাদের শিক্ষা ব্যবস্থার পেছনে বছরে খরচ প্রায় ২০০ কোটি টাকা। তথাপি সে অনুযায়ী ভালো মানের বই লেখা হয় না।
তিনি আরও বলেন, আমাদের বিশাল এ জনগোষ্ঠীকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে না পারি তাহলে এ পদ্মা ব্রিজ করে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা সম্ভব হবে না, একমাত্র যদি আমরা মানুষকে শিক্ষিত করতে পারি তাহলে সে নিজে নিজের বিপণন করে নিবে।
আলোচনা সভায় শিক্ষাসচিব চৌধুরী মুফাদ আহমেদ বলেন, আমাদের শিক্ষাক্ষেত্রে একটি বড় সাফল্য হলো এখন সবাই আগ্রহী হচ্ছে। দক্ষিণ আফ্রিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সে দেশের এমন অনেক স্কুল আছে সেখানে ছাত্র-ছাত্রীরা ঠিকমতো বই পড়তে পারে না, ঠিক তেমন অবস্থা বাংলাদেশের কিছু কিছু স্থানেও রয়েছে। তিনি বলেন সরকারের দায়িত্ব হলো শুধু মানসম্মত শিক্ষা নয় পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, ব্যাক এডুকেশন প্রোগ্রামের পরিচালক ড. শফিকুল ইসলাম, সিইআর এর আহ্বায়ক মুনীর হাসান প্রমুখ।