বর্তমান সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। পরপর দুটি এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ এবং লা লিগায় ১-০ গোলে হেরেছে রিয়াল। সেই হার নিয়ে এবার সার্জিও রামোসদের সমালোচনা করলেন ক্লাবটির সাবেক কোচ হোসে মরিনহো।
লা লিগার এল ক্লাসিকো ম্যাচে রিয়ালের পারফরম্যান্স নিয়ে বিন স্পোর্টসে মরিনহো বলেন, ‘‘আমি বলব না খুব খারাপ খেলেছে, এটা ছিল ভঙ্গুর পারফরম্যান্স। এমন খেলা দিয়ে সাধারণ দলের সঙ্গে হয়তো জেতা যায়। কিন্তু বড় দলের সঙ্গে জিততে চাইলে আরও ভালো খেলতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘তারা (রিয়াল মাদ্রিদ) এখন বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে কাপ রেজাল্টের (কোপা দেল রে) পর।’’
এদিকে রিয়ালের সাবেক প্রেসিডেন্ট রোমান ক্যালদেরোন দাবি করেন, আসছে গ্রীষ্মে আবারও সাবেক ক্লাবের দায়িত্ব নেবেন মরিনহো। মরিনহো সে নিয়ে বলেন, ‘‘তিনি নিজ আগ্রহ থেকে ক্লাব সম্পর্কে খবর রাখেন। সে আমার চেয়ে ভালো জানবে এ ব্যাপারে। আমি কিছুই জানি না।’’