ঝালকাঠির নলছিটিতে চারদিন ধরে গভীর রাতে উচ্চশব্দে পিকনিকের গান বাজানো নিষেধ করায় আবদুল জলিল হাওলাদার (৫৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মুইন হাওলাদার বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ১০টার দিকে উপজেলার মিরহার গ্রামের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাপ্পী মগড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মিরহার গ্রামের ইউপি সদস্য মাসুম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলিল হত্যা মামলার প্রধান আসামি বাপ্পীকে মিরহার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য আসামিরা এখনো পলাতক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী হত্যার কথা স্বীকার করেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, আসামি বাপ্পীকে ঝালকাঠি আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।