রায়গঞ্জে নৌকা ও ‘বিদ্রোহী’র সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমন তালুকদার ও ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সমর্থকদের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রবিবার বিকেলে উপজেলার ধানগড়া সদর বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ এলাকায় এ হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, উপজেলার ধানগড়া সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইমন তালুকদারের একটি নির্বাচনী জনসভা চলছিল। এ সভার পাশ দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের একটি প্রচার মিছিল যাওয়ার সময় কে বা কারা পেছন থেকে জনসভাকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় দুই ‘গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ বেধে যায়।

বিদ্রোহী প্রার্থী শোভন সরকার বলেন, আমার নেতাকর্মীদের মারপিট করে চার থেকে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পুলিশ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ নিয়ে আমার বড় ভাইসহ কয়েকজন নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করেছে। আওয়ামী লীগ প্রার্থী ইমন তালুকদার জানান, শোভনের নেতৃত্বে মিছিল নিয়ে এসে কর্মিসভায় হামলা চালানো হয়।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আটক করা হয়েছে ১০ জনকে। আওয়ামী লীগের পক্ষ থেকে ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।