ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও তার পরিবারের ওপর হামলা এবং মালপত্র লুটের বিচার চেয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা সংবাদকর্মী’ ব্যানারে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘বারবার সাংবাদিকের ওপর হামলা হলেও জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি হচ্ছে না। ডিআরইউ সাধারণ সম্পাদক ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এখন পর্যন্ত সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি।’ ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে সাংবাদিকরা।’