কাশ্মীরের পুলওয়ামায় সেনা-বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ

ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনী-বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। হিন্দুস্তান টাইমস জানান, দক্ষিণ কাশ্মীরের এ জেলার ত্রালে সংঘর্ষ শুরু হয় সোমবার বিকেলে, শেষ হয় মঙ্গলবার ভোরে।

রাজধানী শ্রীনগর থেকে ৪৬ কি.মি. দক্ষিণ-পূর্বের এ এলাকায় তল্লাশির সময় সংঘর্ষ ঘটে।

আনন্দবাজার পত্রিকা জানায়, কয়েকটি বাড়িতে বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে রয়েছে খবর ছিল সেনাদের কাছে। অভিযান চালাতেই গুলির মুখে পড়ে তারা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। এতে এক বিচ্ছিন্নতাবাদী গুরুতর আহত হয়েছে।

এলাকার একটি বাড়িতে আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে, এমনটাও বলছে পুলিশ সূত্র।

এ তল্লাশিতে শামিল হয়েছে ৪২ আরআর, ১৮০ ব্যাটালিয়ন সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ ও জম্মু-কাশ্মীর পুলিশ। তবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম জানা যায়নি। ওই এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে।

১৪ ফেব্রুয়ারি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জইশ-এ-মুহাম্মদের হামলায় ভারতীয় ৪০ সেনা নিহতের ঘটনায় পুলওয়ামায় উচ্চ সতর্কতা জারি রয়েছে। এ ঘটনার সূত্র ধরে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।

এদিকে, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে ভারতীয় পক্ষ। তাদের দাবি, বিনা উসকানিতে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালানো থেকে তাদের বিরত করা যাচ্ছে না।

রোববার গভীর রাত থেকেই  জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তানি সেনারা। মর্টারও ছুড়েছে। পাল্টা জবাব দেয় ভারত।