অরুন্ধতীর আলোচনা অনুষ্ঠান মাইডাস সেন্টারে আজ সন্ধ্যায়

ভারতীয় লেখিকা ও বুদ্ধিজীবী অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডিতে মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে।

আয়োজক সংগঠন ছবি মেলার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাইডাস সেন্টারের ১০ম তলায় সন্ধ্যা ৬টায় আলোচনা অনুষ্ঠান শুরু হবে।

অবশ্য নিবন্ধিতদের এক ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ব্যাগ বা এ ধরনের বড় কিছু সঙ্গে না নিতে এবং অরুন্ধতী রায়ের সঙ্গে সেলফি তোলার চেষ্টা না করার অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠান সরাসরি সম্প্রচার না করার অনুরোধ জানিয়েছেন অরুন্ধতী রায়। তবে পুরো অনুষ্ঠান ভিডিও করে পরে সেটা ছাড়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ভারতীয় লেখিকা ও বুদ্ধিজীবী অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করে আয়োজক কর্তৃপক্ষ। ‘আটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনাটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল।

ছবি মেলার পক্ষ থেকে সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুষ্ঠানটির জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে অনুষ্ঠানটি না হওয়ার সিদ্ধান্তে কর্তৃপক্ষ আন্তরিক দুঃখিত।

তখন এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, “বিভিন্ন কারণে এ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।”

কোনো কারণ উল্লেখ করে তিনি আরও বলেন, “অরুন্ধতী রায়কে নিয়ে কোনো সমস্যা নেই। আয়োজকদের সমস্যার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।”

এশিয়ার মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলায় অংশ নিতে ঢাকায় আসেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। অনুষ্ঠানটি প্রথমে হওয়ার কথা ছিল ছায়ানটে। দর্শকদের চাপের কথা ভেবে সোমবার ভেন্যু পরিবর্তন করে কৃষিবিদ ইনস্টিটিউটে নেওয়ার কথা জানানো হয়।

ঢাকার ধানমন্ডির একাধিক ভেন্যুতে চলছে ‘ছবি মেলা’। এবারের আয়োজনে রয়েছে ২১টি দেশের ৪৪জন শিল্পীর কাজ নিয়ে ৩৩টি প্রদর্শনী। এ ছাড়া বিশ্বজুড়ে থাকা বিশিষ্ট আলোকচিত্র অনুশীলনকারীদের নিয়ে বিভিন্ন বিষয়বস্তুর ওপর ভিত্তি করে রয়েছে ৮টি কর্মশালা। বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।