ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনায় নিহত নরসিংদীর চাচা-ভাতিজা

সৌদি আরবে ওমরাহ পালন শেষে মদিনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় মদিনা জিনের পাহাড় এলাকায় প্রাইভেটকারে ধাক্কায় এ নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার নাজিম উদ্দিন (৬০) ও তার চাচা জয়নাল আবেদীন (৭৫)। নাজিম উদ্দিন সুতার ব্যবসা করতেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও তার চাচা জয়নাল আবেদীন ওমরাহ হজ্ব পালন করতে সৌদিতে আরবে যান। সৌদিতে ওমরাহ পালন শেষে সোমবার সন্ধ্যায় নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন পরিবারের সদস্যদের নিয়ে মদিনা জিয়ারত করতে যাচ্ছিলেন।

ওই সময় তারা ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে গাড়ি থেকে নামেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

জয়নালের ছেলে হানিফ মিয়া বলেন, ২২ ফেব্রুয়ারি শুক্রবার পরিবারের ৭ সদস্য নিয়ে ওমরা হজ্ব পালনে সৌদি আরবে যান আব্বা। ওমরা পালন শেষে মদিনা যাওয়ার সময় দুর্ঘটনায় আমার আব্বা ও চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। স্বজন হারিয়ে আমাদের পরিবারে এখন শোকাহত।

নাজিম উদ্দিন মেয়ের জামাই ওবাইদুল ইসলাম বলেন, নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে না। মদিনা আমাদের পবিত্র স্থান। এ জন্য পরিবারের পক্ষ থেকে তাদের মরদেহ মদিনাতেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।