লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকালকিনি এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে মাটি চাপা পড়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধের নাম আবু ছায়েদ (৬১)। তিনি উপজেলার চৌধুরী বাজার এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে স্বজনরা মাটি খুঁড়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এর আগে সোমবার বিকেলে ওই এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিহতের ছেলে মো. মুসা জানান, সোমবার বিকেলে মাছ ধরতে যাওয়ার পর রাতে বাড়ি না ফেরায় তারা বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করেন। পরে মঙ্গলবার সকালে তার মাছধরার স্থান এলাকায় মাটি খুঁড়লে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে নদী ভাঙনকবলিত এলাকা হওয়ায় মাছ শিকারের সময় ওই বৃদ্ধ মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’