গ্যাসের দাম বাড়ালে দেশের জনগণ মেনে নেবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গ্যাসের দাম বৃদ্ধি করল জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, “এই সরকার তাদের দুর্নীতি ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক ব্যয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে।”
তিনি বলেন, “এই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই- গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে অবশ্যই জনগণ প্রতিহত করবে।”
এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশে আবার বাকশাল কায়েমের জন্য দেশের সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। দেশে এখন যে সংকট তা শুধু বিএনপির নয়, পুরো জাতির।”
তিনি বলেন, “আমরা গভীরভাবে উপলব্ধি করছি একটি আদর্শকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, সারা দেশে বিএনপির ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাড়ি যেতে পারে না।
এছাড়া তিনি বলেন, “কয়েক দিন আগে আমার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দেখা হয়েছে। আমি সেই দৃশ্য আপনাদের বলতে পারব না। সুস্থ খালেদা জিয়া এখন হুইল চেয়ারে। অত্যন্ত কষ্ট করছেন।”