মিটু আন্দোলনে নাম প্রকাশ, এক পরিচালকের আত্মহত্যা

যৌন নিপীড়নের অভিযোগে মানসিকভাবে ভেঙে পড়ে কলকাতার এক তথ্যচিত্র নিমার্তা ও পরিচালক আত্মহত্যা করেছেন। নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় ৪৮ বছর বয়সী অর্ঘ্য বসুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এনডিটিভি জানায়, বেশ কিছুদিন ধরে একটি যৌন নিপীড়নের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালিখি চলছিল। সেই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে অর্ঘ্য বসুর দিকে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

সোমবার পুলিশ জানায়, শুক্রবার নিজ ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কলকাতার সন্তোষপুর এলাকার বাসিন্দা তিনি।

প্রতিবেশীদের মতে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

দ্য স্টেটসম্যান জানায়, মিটু মুভমেন্টের ধাক্কায় বের হয়ে আসে ভারতের সিনেমা অঙ্গনের একাধিক যৌন হয়রানির ঘটনা। সেখানে এক ঘটনায় অর্ঘ্যের নাম প্রকাশ করে এক নামী নির্মাতা। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।