ভারতীয় সাবমেরিন রুখে দেওয়ার দাবি পাকিস্তানের

বিমান হামলার পর এবার সমুদ্র পথে ভারতের বিরুদ্ধে পাকিস্তানে হামলার চেষ্টার অভিযোগ করেছে দেশটি। সোমবার রাতে ভারতীয় একটি সাবমেরিন পাকিস্তানের জলসীমায় প্রবেশের সময় আটকে দেওয়ার দাবি করেছে পাক নৌবাহিনী।

দ্য ডন জানায়, মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য দিয়েছেন।

সুযোগ থাকা সত্ত্বেও ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করেনি পাকিস্তান, এমনটা জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, অত্যাধুনিক প্রযুক্তির ভারতীয় সাবমেরিনটি চাইলে ধ্বংস করে দিতে পারত পাকিস্তানের সেনাবাহিনী। কিন্তু ভারতের আক্রমণের মুখে সংযম এবং সরকার যুদ্ধের পরিবর্তে শান্তির নীতি গ্রহণ করায় এই ডুবোজাহাজটি অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

২০১৬ সাল থেকে এ নিয়ে দুইবার ভারতীয় সাবমেরিন রুখে দিল পাকিস্তান। এবারের সাবমেরিনটি ভারতের সবচেয়ে অত্যাধুনিক ডুবো যুদ্ধজাহাজ বলে জানান তিনি।

নৌবাহিনীর জনসংযোগ কর্মকর্তা আরও জানান, সমুদ্রসীমায় অন্যান্য পর্যবেক্ষণ ও সতর্কতা জারির মধ্যে ভারতীয় সাবমেরিনের গতিবিধির ওপরেও নজর ছিল তাদের। ফলে সহজেই এটিকে আটকে দেওয়া গেছে।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ভারতের কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।