ভারতীয় লেখিকা ও বুদ্ধিজীবী অরুন্ধতী রায়ের পূর্বনির্ধারিত আলোচনা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ছায়ানটে। দর্শকদের চাপের কথা ভেবে সোমবার ভেন্যু পরিবর্তন করে কৃষিবিদ ইনস্টিটিউটে নেওয়ার কথা জানানো হয়।
ছবিমেলার পক্ষ থেকে সোমবার রাতেই আবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনাটি স্থগিত করা হয়েছে।
এনিয়ে নানা গুঞ্জনের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে মাইডাস সেন্টারে আলোচনাটি অনুষ্ঠিত হবে বলে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক সংগঠন ছবিমেলার পক্ষ থেকে ফের জানানো হয়।
কিন্তু শেষ মুহূর্তে আলোচনা অনুষ্ঠানটি হচ্ছে না ফের এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধিতদের প্রথমে এক ঘণ্টা আগে এবং শেষ মুহূর্তে আধাঘণ্টা আগে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী শহীদুল আলমের সঞ্চালনায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলোচনা অনুষ্ঠানে কথা বলতে শুরু করেন অরুন্ধতী রায়।
তবে অনুষ্ঠান লাইভ করা এবং অরুন্ধতীর বক্তব্য নোট করা থেকে বিরত থাকতে বলা হয় আয়োজকদের পক্ষ থেকে। অবশ্য ছবিমেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে পরে আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়।
এশিয়ার মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলায় অংশ নিতে ঢাকায় আসেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। অনুষ্ঠানটি প্রথমে হওয়ার কথা ছিল ছায়ানটে। দর্শকদের চাপের কথা ভেবে সোমবার ভেন্যু পরিবর্তন করে কৃষিবিদ ইনস্টিটিউটে নেওয়ার কথা জানানো হয়।
ঢাকার ধানমন্ডির একাধিক ভেন্যুতে চলছে ‘ছবি মেলা’। এবারের আয়োজনে রয়েছে ২১টি দেশের ৪৪জন শিল্পীর কাজ নিয়ে ৩৩টি প্রদর্শনী। এ ছাড়া বিশ্বজুড়ে থাকা বিশিষ্ট আলোকচিত্র অনুশীলনকারীদের নিয়ে বিভিন্ন বিষয়বস্তুর ওপর ভিত্তি করে রয়েছে ৮টি কর্মশালা। বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।