খালেদাকে নেওয়া হবে বঙ্গবন্ধু মেডিকেলে

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হতে পারে। ইতিমধ্যেই তার জন্য কেবিন বুক করা হয়েছে। আগের মতো ষষ্ঠ তলায় তাকে রাখা হতে পারে।

মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছে হাসপাতালের একটি সূত্র। হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউ’র পরিচালক লে. জে. হারুন অর রশীদ দেশ রূপান্তরকে বলেন, তিনি এখনো এ বিষয়ে কিছু জানেন না।

এর আগে গতকাল দুপুরে খালেদার সুচিকিৎসা নিশ্চিতের দাবি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয় দেখা করেন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কারাবন্দী খালেদার সুচিকিৎসা দেওয়ার আশ্বাস দেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. আব্দুল জলিল চৌধুরী ইতিপূর্বে দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, কারাবন্দী খালেদা জিয়াকে ইতিমধ্যে বিএসএমএমইউতে ভর্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি অনুমতি দিলে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেবেন।