‘শাহদাব আকবর লাবু চৌধুরীর অসৎ চক্রান্ত থেকে আমাদের রক্ষা করুন’ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রের কাছে ফরিদপুরে আওয়ামী লীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী এ আবেদন জানিয়েছেন। ওই দুই প্রার্থী হলেন নগরকান্দা উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার এবং সালথা উপজেলায় দলের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসন। এ আসনের সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। ওই সংসদীয় এলাকায় সাজেদার রাজনৈতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তার কনিষ্ঠপুত্র শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী।
মনিরুজ্জামান সরদার গত শুক্রবার রাজধানীর ধানমমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি-সাধারণ সম্পাদককে ‘দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী দাঁড় করিয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে আবস্থান নেওয়া প্রসঙ্গে’ আবেদনটি জমা দেন।
অন্যদিকে, সালথা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন গত বুধবার ‘ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সংসদ উপনেতার ছেলের প্রকাশ্য বিতর্কিত ভূমিকায় নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ প্রসঙ্গে’ একটি লিখিত আবেদন দলীয় প্রধান শেখ হাসিনার ই-মেইলে পাঠিয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।