ঢামেকের ফটকে নবজাতকের লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ফটক লাগোয়া ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শাহবাগ থানা পুলিশ আনুমানিক একদিন বয়সী ছেলে নবজাতকটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

প্রত্যক্ষদর্শী ভিক্ষুক সোহেল দেশ রূপান্তরকে জানান, খয়েরি রঙের বোরকা ও সাদা স্কার্ফ পরা এক নারী সবুজ রঙের একটি ব্যাগ ফেলে যান। সেটির মুখ খুলতেই নবজাতকের লাশ বেরিয়ে আসে। শাহবাগ থানার এসআই সামিউল হক বলেন, ‘নবজাতকটির নাভিতে ক্লিপ লাগানো রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো হাসপাতালে শিশুটির জন্ম হয়েছিল। কে বা কারা সেটি ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে।’