জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী হামলায় পাকিস্তানকে দায়ী করে দেশটির শিল্পীদের বয়কট করে ভারত। এমনকি পাকিস্তান সুপার লিগের সম্প্রচারও বন্ধ করে দিয়েছে ভারতীয় চ্যানেলগুলো।
দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে এবার ভারতের সিনেমা ও সিরিয়াল সম্প্রচার বন্ধ করে দিল পাকিস্তানের বেসরকারি চ্যানেল।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার বেসরকারি চ্যানেলগুলোতে ভারতীয় সিনেমা ও টেলিভিশন শো সম্প্রচার না করার সিদ্ধান্ত দেয় পাক সুপ্রিম কোর্ট।
ভারতের কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা পরবর্তী পাকিস্তানে বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর অভিযানে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে পাক শীর্ষ আদালতে এমন সিদ্ধান্ত দেয়।
পাক চ্যানেলে ভারতীয় অনুষ্ঠান দেখানো নিয়ে চলা মামলার শুনানি অবশ্য অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়েছে।
বালাকোটে হামলার পরই পাক তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন পাকিস্তানি ফিল্ম এগজিবিটার্স অ্যাসোসিয়েশনকে ভারতীয় সিনেমা বয়কটের ডাক দিয়েছিলেন।
ভারতে তৈরি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধেও পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটিকে নির্দেশ দিয়েছিলেন তিনি।