গায়ে আগুন নিয়ে ধর্ষককে জড়িয়ে ধরল ধর্ষিতা, অতঃপর...

ধর্ষণের পর নারীকে আগুনে পুড়িয়ে মারতে গিয়ে নিজেই দগ্ধ হয়ে মারা গেলেন অভিযুক্ত ব্যক্তি। কলকাতার মালদাহ জেলায় এ ঘটনা ঘটে।

ধর্ষিতার বরাত দিয়ে এনডিটিভি জানায়, সোমবার সন্ধ্যায় একাই বাড়িতে ছিলেন দুই সন্তানের মা বিধবা ওই নারী। এ সুযোগে বাড়িতে প্রবেশ করে পাশের গ্রামের ৩২ বছর বয়সী এক ব্যক্তি তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর তাকে পুড়িয়ে মারতে তার গায়ে আগুন ধরিয়ে দেয় ওই ব্যক্তি। এমন সময় বাঁচার আকুতি থেকে তাকে জড়িয়ে ধরেন ধর্ষিতা। আগুনে ওই নারীর মুখ এবং হাতে  খানিকটা অংশ পুড়ে গেছে। তিনি এখন মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশকে ওই নারী জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই ওই ব্যক্তি নানা সময় তাকে উত্ত্যক্ত করত। কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় হুমকিও দিয়েছিলেন।

এদিকে ঘটনার পরপরই বাড়ি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা দেখেন দুজনেই আগুনে পুড়ছেন। কেরোসিনের একটি পাত্রও উদ্ধার হয় ঘর থেকে। 

স্থানীয়রাই দুজনকে হাসপাতাল নিয়ে যান। কিছুটা চিকিৎসার পর মঙ্গলবার অভিযুক্তের মৃত্যু হয়।

এদিকে ঘটনার তদন্ত করতে গিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির বাড়ি ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটারের বেশি দূরত্বের চাঁচলে। এতটা পথ পেরিয়ে ওই ব্যক্তি কেন এসেছিল সে প্রশ্নের উত্তর এখনো পায়নি পুলিশ।

স্থানীয় লোকজনসহ নির্যাতিতার দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন।