নিউ জিল্যান্ড সফরে একের পর এক চোটের ছোবলে যাচ্ছেতাই অবস্থা বাংলাদেশ দলের। চোটের কারণে সিরিজে প্রথম টেস্টে খেলতে না পারা মুশফিকুর রহিম অনিশ্চিত দ্বিতীয় টেস্টেও। চোটের কারণে এখনও মাঠেই নামতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ইকবালও চোটে আছে বলে জানালেন কোচ স্টিভ রোডস। তবে সে চোট গুরুতর কিছু নয়।
চোট সমস্যা থাকায় বেসিন রিজার্ভে মঙ্গলবার খুব বেশি অনুশীলন করেননি তামিম। তবে সেই চোট গুরুতর নয় বলে সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশ কোচ, “আজকে তামিম হালকা অনুশীলন করেছে। কিছু ব্যথা আছে। তবে সে ভালো অবস্থায় আছে। হ্যামিল্টনে তামিম দুইশোর বেশি রান করেছে। সে ঠিকঠাক আছে।”
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ব্যর্থ হলেও হ্যামিল্টন টেস্টে ব্যাটিং নৈপুণ্য দেখান তামিম। দল ইনিংস ব্যবধানে হারলেও সফল ছিলেন তিনি। প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি (১২৬) হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান।
এদিকে, ধারণা করা হচ্ছিল ওয়েলিংটন টেস্টে পাওয়া যাবে মুশফিককে। কিন্তু উইকেটকিপার-ব্যাটসম্যানের খেলা অনেকটাই অনিশ্চিত বলে জানা গেছে। কোচ জানিয়েছেন, মুশফিকের কব্জির ব্যাথা এখন আছে। রয়ে গেছে সাইড স্ট্রেইন ও পাজরের সমস্যাও।
মুশফিক প্রসঙ্গে রোডস বলেন, “আজকে টেনিস বল ও রাবার বল দিয়ে কিছুক্ষণ কাজ করার চেষ্টা করেছে। যখন ক্রিকেট বল দিয়ে খেলছিল তখন চোটাক্রান্ত লিগামেন্টের জায়গায় ব্যথা অনুভব করছিল। এর অর্থ দ্বিতীয় টেস্টেও সে খুবই অনিশ্চিত।”