আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিঙ্গাপুরে চিকিৎসা এবং কারাদণ্ড প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সু-চিকিৎসা নিশ্চিত সংক্রান্ত বিএনপি মহাসচিব এর সাম্প্রতিক বক্তব্য দুঃখজনক ও লজ্জার বলে মন্তব্য করেছেন মাহবুব উল আলম হানিফ।
বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতাকারীদের দোসরদের সঙ্গে ওবায়দুল কাদের সাহেবের তুলনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।
তিনি বলেন, খালেদা জিয়া আদালতের দণ্ডপ্রাপ্ত একজন কয়েদি। কারাগারে যে সকল কয়েদিরা রয়েছেন তাদের সুচিকিৎসা কোথায়-কখন-কিভাবে হবে সেটা পুরোপুরি কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এ নিয়ে কোন রাজনৈতিক দলের কোনো বক্তব্য থাকতে পারে না। বেগম জিয়ার সু-চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সর্বোচ্চটাই কারা কর্তৃপক্ষ করছে বলে দাবি করেন হানিফ।
এসময় ওবায়দুল কাদেরের সিঙ্গাপুরে চিকিৎসার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার তুলনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, তাদের এই রেফারেন্সটা অত্যন্ত দুঃখজনক, এটা দেশের জনগণকে এটা কষ্ট দেয়।
তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রী। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল, চিকিৎসকদের পরামর্শক্রমেই তাকে দেশের বাইরে পাঠানো হয়েছে।
হানিফ আরও বলেন, ওবায়দুল কাদের সাহেব শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-ই নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন; জাতির শ্রেষ্ঠ সন্তান। আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে তিনি স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছিলেন।
একদিকে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকারের মন্ত্রীর দ্বারস্থ হওয়া এবং অন্যদিকে তার মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপির অস্তিত্ব সংকটের স্মারক বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক এজেন্ডা বিহীন বিএনপি বিভিন্ন সময় নানা কর্মসূচি দিয়ে মিডিয়ার মাধ্যমে মানুষের মনে টিকে থাকতে চাইছে বলে দাবি করে, দলটিকে মিডিয়া নির্ভর দল হিসেবে আখ্যায়িত করেন হানিফ।