খালেদার স্বাস্থ্যের অবনতির জন্য সরকার দায়ী: মওদুদ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির জন্য সরকারকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।

মওদুদ আহমেদ বলেন, সরকারের অবহেলা ও তাদের নিষ্ঠুর আচরণের কারণে আমরা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। সরকারের উচিত ছিল নিজেদের উদ্যোগে চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু তারা তা করেননি আমাদের হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। এবং হাইকোর্ট থেকে অর্ডার নিতে হয়েছে মেডিকেল বোর্ড করা হবে। মেডিকেল বোর্ড নানা রকম বিশ্লেষণ করে সুপারিশ করেছেন কি ধরনের চিকিৎসা তার প্রয়োজন। কিন্তু আজ পর্যন্ত সেই সুপারিশ  সরকার বাস্তবায়ন করেনি।

মওদুদ বলেন, গতকাল আমাদের নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়েছেন। কিন্তু কেন আলোচনা করতে হবে। এই মেডিকেল বোর্ডই বলে দিয়েছে কি করতে হবে। 

তিনি বলেন, এখন তারা জেলকোডের অজুহাত তুলেছে। জেলকোড অনুসারে চিকিৎসা হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জেল কোডে এটাও তো লেখা আছে, কোনো আসামি যে চিকিৎসক দ্বারা চিকিৎসা করিয়ে থাকেন তাকে সেই চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিতে হবে। আসলে তারা চান বেগম জিয়া আরও অসুস্থ হয়ে পরেন আরও দুর্বল হয়ে পরেন, যাতে দলের নেতৃত্ব দিতে না পারেন।

আদালতের ওপর সরকারের রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের ইচ্ছের ওপর নির্ভর করবে খালেদা জিয়ার মুক্তি।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু সরকারের রাজনৈতিক প্রভাবে আর হিংস্র নীতির কারণে তাকে মুক্ত করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি চেষ্টা করে যাব কিন্তু আমরা মনে করি তার মুক্তি আসবে রাজপথের মাধ্যমে। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই।