'মাদকাসক্ত' পাখির দৌরাত্ম্যে ভারতীয় চাষিরা

'মাদকাসক্ত' পাখির দৌরাত্ম্যে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভারতের আফিম চাষিরা। বিশেষ করে টিয়া পাখির বিরুদ্ধে চাষিদের এই অভিযোগ। মাদকাসক্ত এই টিয়া পাখির হাত থেকে রক্ষা পেতে কর্তৃপক্ষের সাহায্য চেয়েও পাননি চাষিরা।

এশিয়ান নেটওয়ার্ক নিউজের বরাত দিয়ে বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, ভারতের মধ্য প্রদেশের এই কৃষকরা লাউডস্পিকার বাজিয়ে বা মশাল জ্বালিয়ে পাখিদের ভয় দেখানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

এ ব্যাপারে সহায়তা চেয়ে না পেলেও টিয়া পাখির জন্য এ মৌসুমে কৃষকদের বিপুল পরিমাণ ক্ষতিও হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এই কৃষকরা ওষুধ তৈরিকারী একটি প্রতিষ্ঠানের কাছে আফিম সরবরাহের জন্য লাইসেন্স প্রাপ্ত।

এশিয়ান নেটওয়ার্ক নিউজের এক ভিডিও টুইটে দেখা যায়, একটি টিয়া পাখি একটি পপি ফুল মুখে নিয়ে উড়ে যাচ্ছে।

নন্দকিশোর নামে একজন কৃষক এনডিটিভিকে জানান, একটি পপি ফুল থেকে ২০-২৫ গ্রাম আফিম হয়। কিন্তু বড় এক দল টিয়া পাখি দিনে ৩০-৪০ বার এই সব গাছ থেকে ফুল খেয়ে যায় এবং কোনো কোনো পাখি পপি ফুলের কলিও নিয়ে যায়।

তিনি বলেন, "কেউ আমাদের অভিযোগ শুনছে না। আমাদের এই ক্ষতি পুষিয়ে দেবে কে?"

মান্দসাওরের হর্টিকালচার কলেজের আর এস চুন্দাওয়াত ডেইলিমেইলকে জানান, আফিম পাখিগুলোকে তাৎক্ষণিক শক্তি দেয়, যেমনটি মানুষের ক্ষেত্রে ঘটে চা বা কফি খাওয়ার পর।

মি. চুন্দাওয়াত বলেন, একবার পাখিরা এই অনুভূতির সঙ্গে পরিচিত হওয়ার পর খুব দ্রুত আসক্ত হয়ে পড়ে।