বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা ২ হাজার পর্যটক

বজ্রমেঘ ও বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিনে অন্তত দুই হাজার পর্যটক আটকা পড়েছে। সাগরে তিন নম্বর সতর্ক সংকেতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল না করায় এসব পর্যটক আটকা পড়েছে।

সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় বুধবার টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে না পারায় এসব পর্যটক আটকে পড়েছে। বুধবার সকাল থেকে মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, দ্বীপে বেড়াতে এসে দুই হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে কোন জাহাজ দ্বীপে না আসায় এসব পর্যটকেরা টেকনাফে ফিরতে পারেনি। আটকেপড়া পর্যটকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে  পর্যটকবাহী ৭টি জাহাজ চলাচল করছে। তবে বৈরী আবহাওয়ায় ৩ নম্বর সতর্কতা সংকেতের কারণে দুর্ঘটনা এড়াতে জাহাজগুলো সেন্টমার্টিনে যাননি। এর আগে বেড়াতে যাওয়া দুই হাজারের মতো পর্যটক দ্বীপে আটকা পড়েছে। তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে বৃহস্পতিবার সকালে তাদের ফিরিয়ে আনা হবে।

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির ফলে কক্সবাজারের উপকূলে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে কক্সবাজারে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কারণে বঙ্গোপসাগর ও নাফনদী উত্তাল আছে এবং মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। তবে বৃহস্পতিবারও এ সতর্ক সংকেত বলবৎ থাকতে পারে।’