বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের সুরক্ষা বজায় থাকুক এমনটা চান বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘আমি চাই টেলিভিশনগুলোতে যারা কাজ করে সেই সাংবাদিকদের সুরক্ষা বজায় থাকুক। লক্ষ্য করছি, অনেক টেলিভিশনের আয় ও ব্যয়ের মধ্যে বিরাট ফারাক। তাদের আয় যাতে বাড়ে, আমাদের দেশের বিজ্ঞাপনগুলো যেন বিদেশে চলে না যায়, সে নিয়ে কাজ করছি।
‘ধীরে ধীরে এ ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। হঠাৎ করে কোনো বিভাগ বন্ধ করে দেওয়া সমীচীন নয়’।
বুধবার রাজধানীর আগারগাঁও তথ্য কমিশনে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য আইনের ব্যবহার’শীর্ষক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্যসচিব আবদুল মালেক, তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি ও নেপাল চন্দ্র সরকার এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবনায় জামায়াতে ইসলামী এবং তাদের নিয়ে যুক্ত সংগঠনগুলোর সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পর্ক ছিন্ন এবং একই সঙ্গে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আশা করি, মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের পর বিএনপি শিগগির জামায়াতের সঙ্গে তাদের সব সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দেবে এবং তাদের সঙ্গে জোট করে যে সরকার গঠন করেছে, তার জন্য জাতি এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবে।