শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধসহ মানসিক স্বাস্থ্যের পরামর্শদান-বিষয়ক জাতীয় নীতিমালা প্রণয়নে কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে নীতিমালার খসড়া মতামতসহ মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
এ সংক্রান্ত আদেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ছাত্রছাত্রীদের আত্মহত্যাসহ যেকোনো ধরনের ইনজুরি প্রতিরোধ ও এ বিষয়ে পরামর্শদানে জাতীয় নীতিমালা করতে এই কমিটি। এর অন্য সদস্যরা হলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল আমিন, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাকসুদা হোসেন, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোল্যা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন প্রমুখ।