সমাজের সর্বস্তরে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, নারী-পুরুষের সমতাভিত্তিক অধিকার নিশ্চিত করতে বিশ্ববাসী আজ ঐক্যবদ্ধ। দৃঢ়প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলতে হবে এবং নেতৃত্বদানে বিকশিত হতে হবে। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট গার্ডেনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে নারী আইনজীবী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘নারীদের অবদানের স্বীকৃতি প্রদান এবং তাদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ দিনটিকে গুরুত্ববহ এবং মর্যাদাপূর্ণ বলে মনে করি। সরকারি এবং বেসরকারি উদ্যোগের ফলে সব ক্ষেত্রে নারীর প্রভূত উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে।’
নারীর অধিকার আদায় এবং সমমর্যাদার বিষয়টি রাষ্ট্রীয় চিন্তা ও নীতিতেও প্রতিভাত হচ্ছে উল্লেখ করে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন আদালতে নারী বিচারক ও আইনজীবীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা সত্যিই আশাব্যঞ্জক। নারীরা ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে।’
দেশের বিচার বিভাগ নারী-সংক্রান্ত ইস্যুতে অনেক সংবেদনশীল জানিয়ে তিনি আরও বলেন, ‘পারিবারিক সহযোগিতা ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি বিচার বিভাগ ও আইন পেশায় নারীর বলিষ্ঠ পদচারণা বৃদ্ধি করতে পারে।’
অন্যদের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন অনুষ্ঠানে বক্তব্য দেন।