শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে সর্বক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নে বিশ্বে সপ্তম। নারীদের সমাজের প্রতিটি স্তরে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে এই সরকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুরুষদের উদ্দেশে চুমকি বলেন, ‘শুধু ঘরে নয়, নারীদের বাইরে গিয়েও কাজ করতে হবে। আপনাদের চিন্তা-ভাবনার উন্নতি করতে হবে। কারণ নারীর উন্নতি হলে আপনার ঘর ও আপনাদের উন্নতি হবে।’
আগামীকাল ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো।’
মানববন্ধনে শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে এতে অংশ নেয়। এ সময় তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নানা স্লোগান দিতে থাকে।