বার্সাকে হারিয়ে কাতালান সুপার কাপ চ্যাম্পিয়ন জিরোনা

দলে ছিলেন না আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেসসহ অনেকে। আর তুলনামূলক কম শক্তিশালী দল নিয়ে পেরে উঠল না বার্সেলোনা। তাদেরকে হারিয়ে কাতালান সুপার কাপ জিতে নিয়েছে জিরোনা।

বুধবার কাতালানিয়ার সাবাদেলে অনুষ্ঠিত ম্যাচটির দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে করা ক্রিস্তিয়ান স্তুয়ানির একমাত্র গোলে জয়োল্লাসে মাতে জিরোনা।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও কাজে জালের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। গোলের উদ্দেশ্যে ১৪টির বেশি শট নেয় দলটি। এর সবগুলোই হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

গোলশূন্যতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে পার্থক্য গড়ে দেয় জিরোনা। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন উরুগুয়ান ফরোয়ার্ড স্তুয়ানি। স্প্যানিশ মিডফিল্ডার ভালেরি ফের্নান্দেস বার্সেলোনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় জিরোনা। স্পটকিকই প্রথমবারের মতো কাতালান সুপার কাপ জয়ের আনন্দে মাতার উপলক্ষ এনে দেয় দলটিকে।

আগে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের সব ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত হত কোপা কাতালুনিয়া। তবে ২০১৪ সাল থেকে লা লিগায় খেলা কাতালুনিয়ার সেরা দুই ক্লাবকে নিয়ে কাতালান সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়।

প্রতিযোগিতাটির গত তিন আসরের দুবার চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। একবার চ্যাম্পিয়ন এস্পানিওল।