পাবজির নেশায় পড়ে পানির বদলে অ্যাসিড পান

অনলাইন গেম খেলতে খেলতে ভুলে পানির বদলে অ্যাসিড খেয়ে ফেললেন এক যুবক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার সময়েও মোবাইল স্ক্রিন থেকে চোখ সরাচ্ছিলেন না তিনি, এমনটা জানান চিকিৎসক। ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, একমাস আগে ২৫ বছরের এ যুবক নিজের বাড়ির আঙিনায় পাবজি খেলতে এতটাই ব্যস্ত ছিলেন যে, পানি খেতে গিয়ে ভুলে পাশ থেকে অ্যাসিডের বোতল তুলে নেন মুখে। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আশঙ্কাজনক অবস্থায় তার অন্ত্রে অপারেশন করা হয়। এ সপ্তাহের শুরুতে তার চিকিৎসা সম্পন্ন হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। ওই ব্যক্তির অবস্থা এখন স্থিতিশীল।

পেটে অ্যাসিড চলে যাওয়ায় কিছুদিন কিছুই খেতে পারেননি তিনি। এতেই ৫-৬ কেজি ওজন কমে গেছে তার। তিনি এক মেয়ের বাবা বলে জানা গেছে।

গেমের নেশায় পড়ে কারও এমন কাণ্ড ঘটতে পারে ভাবতেই পারেননি চিকিৎসকেরা। কিন্তু হাসপাতালেই তাকে গেমে খেলায় মত্ত দেখে ডা. মানান গোগিয়া বলেন, চিকিৎসা চলাকালীনও সে মোবাইলে গেম খেলায় ব্যস্ত ছিল। আর বাকি সময়ও স্ক্রিন থেকে চোখ সরাতো না, মুভি দেখত।  

পিইউবিজি বা পাবজি নামে পরিচিত ‘প্লেয়ার্স আননোন ‌ব্যাটল গ্রাউন্ড’ গেমের নেশা মারাত্মক আকার ধারণ করেছে কম বয়সী থেকে শুরু করে তরুণ-তরুণীর মধ্যে।

এ গেমে আসক্ত হয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি পাবজি খেলাতে দামি ফোন কিনে না দেওয়ার অভিমানে মুম্বাইয়ে এক কিশোর আত্মহত্যাও করে।

পাবজি খেলা মানুষের মধ্যে হিংস্র ও বিধ্বংসী মনোভাব সেই সঙ্গে সাইবার-অপরাধকে উসকে দিচ্ছে এমন অভিযোগ এনে ভারতে এক কিশোর এ গেম নিষিদ্ধের জন্য আদালতে আবেদন জানায়।

প্রসঙ্গত, চীনের টেনসেন্ট কোম্পানি পাবজি নামে এ গেম তৈরি করে। গেমটিতে এক শ’ জন খেলোয়াড় পরস্পরের মধ্যে যুদ্ধে নামে। সেখানে একমাত্র জীবিতই বিজয়ী। এককভাবে ছাড়াও দলীয়ভাবে এ গেম খেলা যায়।

চীনের বাইরেই এ গেমটি ২০ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। প্রতিদিন অন্তত ৩ কোটি মানুষ এ গেমে সক্রিয় থাকে।