ফের বৃষ্টিতে রোমান্স টাইগার-শ্রদ্ধার

‘বাগি’ সিনেমায় টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরের পর্দা রসায়ন এখনো মনে রেখেছে দর্শক। মাঝে দিশা পাটানির সঙ্গে দ্বিতীয় কিস্তি করলেও এবার ‘বাগি থ্রি’তে নায়িকা হয়ে ফিরছেন শক্তি কাপুরের মেয়ে।

সেই সিনেমায়ও থাকছে প্রথম পর্বের আমেজ। জনপ্রিয় ‘চাম চাম’ গানটির নতুন সংস্করণ ঠাঁই পাবে ‘বাগি থ্রি’তে। আগের মতোই দৃশ্যায়ন হবে বৃষ্টিতে।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘বাগি’র গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল বৃষ্টির দৃশ্যটি। বৃষ্টির সঙ্গে নাচের গানটিও দ্রুত জনপ্রিয়তায় পায়। তাই নির্মাতারা ঠিক করেছেন তৃতীয় কিস্তিতে গানটি নতুনভাবে রাখবেন।

‘চাম চাম’ কম্পোজ করেন মনমিট সিং ও হারমিট সিং তথা মিট ব্রস। কণ্ঠ দেন মোনালি ঠাকুর। হারমিট জানিয়েছিলেন, গানটা তারা খুব দ্রুতই তৈরি করেছিলেন। ভাবেননি এতটা জনপ্রিয়তা পাবে।

‘বাগি টু’র মুক্তির আগেই পরের কিস্তির ঘোষণা দেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। অ্যাকশন নির্ভর সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ৬ মে।