শিশু সন্তানকে পার্কে রেখে পালিয়ে আসায় ব্রিসবেনের এক মাদকাসক্ত বাবার ১২ বছরের জেল হয়েছে।
আজ থেকে প্রায় ১২ বছর আগে নিজের সন্তানকে পার্কে রেখে চলে আসেন আর্থুরো সিম্পসন। পরে পরিবার অভিযোগ করলে পুলিশের হাতে ধরা পড়েন।
সিম্পসন ২০১৬ সালে পুলিশকে বলেন, ‘আমি তার সঙ্গে যোগাযোগ রাখতে পারছিলাম না। চেষ্টা করেছি তাকে দেখে রাখার।’
আদালত বুধবার রায়ে বলেছে, এটি চরম অবহেলা।
সিম্পসনকে কমপক্ষে সাড়ে ৯ বছর জেলে থাকতে হবে। তারপর তিনি জামিনের আবেদন করতে পারবেন।
বাচ্চাটির দেহ পুলিশ কখনো খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, পার্কের পাশের একটি নদীতে পড়ে সে মারা গেছে।
সিম্পসনের অন্য আত্মীয়রা পুলিশের কাছে অভিযোগ করলেও তার স্ত্রী ঘটনাটি চেপে যান। স্বামীর অপরাধ লুকিয়ে রাখায় তার তিন বছরের জেল হয়েছে। তিনি অবশ্য জামিন নিতে পারবেন।
সিম্পসনের এক ভাই বিষয়টি প্রথমে টের পান। বাচ্চাটির বিষয়ে জানতে চাইলে সিম্পসন তাকে বলেন, ‘সে আমাদের কেউ হয় না। তাই তাকে ফেলে এসেছি।’
ভাইয়ের কাছে আক্ষেপ না করলেও পুলিশের কাছে নিজের ভুল স্বীকার করেন তিনি, ‘আমি এখনো তার চোখের কথা মনে করতে পারি। দেখে মনে হচ্ছিল তাকে ফেলে যাবো, এটা সে আগে থেকেই জেনে গেছে।’
সিম্পসনের আশা, কেউ না কেউ তাকে দেখতে পেয়ে নিয়ে গেছে।