পুলওয়ামা হামলার মাস পার হওয়ার আগে আবার গ্রেনেড হামলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
এনডিটিভি জানিয়েছে, গুরুতর আহত হয়েছেন ৩২ জন। তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
জম্মুর একটি বাসস্ট্যান্ডে বিস্ফোরণ হয় বৃহস্পতিবার দুপুরে। ঘটনাস্থলে মারা যান ১৭ বছর বয়সী মোহাম্মদ শরিক।
পুলিশ জানিয়েছে, একটি বাসের নিচে গ্রেনেডটি রাখা ছিল। আহতদের মধ্যে অধিকাংশ বাসের চালক এবং সহকারী।
বাসের মধ্যে কোনো যাত্রী ছিলেন কি না, তা এখনো জানা যায়নি। বাসস্ট্যান্ড ঘিরে রেখে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিষ কুমার সিনহা সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১১টার দিকে গ্রেনেডটি বাসের নিচে রাখা হয়। সিসিটিভির ফুটেজ দেখে আমরা একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি।
এর আগে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা হয়। সেদিন প্রাণ হারান ৪০ জন সেনা। ওই হামলার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মুহাম্মদ।
বৃহস্পতিবারের এই ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।